|
খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন প্রধান উপদেষ্টা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন প্রধান উপদেষ্টা মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে খালেদা জিয়ার জানাজা, দাফন ও আইনশৃঙ্খলা সমন্বয় নিয়ে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। প্রেস সচিব বলেন, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এভারকেয়ার থেকে সকালে সংসদ ভবনে নেয়া হবে মরদেহ। এভারকেয়ার থেকে সংসদ ভবনে নেয়া, তার জানাজা এবং দাফন প্রতিটি প্রক্রিয়ায় পূর্ণ রাষ্ট্রীয় মার্যাদা নিশ্চিত করা হবে। বেগম জিয়ার জানাজা এবং দাফন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সম্পন্ন করা হবে। তিনি জানান, পুরো রাস্তায় বিশেষ নিরাপত্তা দেবে সরকার। ডিএমপির ১০ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া সেনা সদস্যরাও মোতায়েন থাকবে। বিএনপিকে যে কোনো প্রয়োজনে সহযোগিতা করা হবে। শফিকুল আলম আরও জানান, বেগম জিয়ার জানাজা বেসরকারি গণমাধ্যমগুলো কাভারেজ করতে পারবে। তবে দাফন কার্যক্রম শুধু বিটিভি সম্প্রচার করবে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বেগম খালেদা জিয়া ১৫ আগস্ট ১৯৪৫ জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। ডেল্টা টাইমস্/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |