নির্বাচনে গুজব ঠেকাতে সাংবাদিকদের পাশে চাইলেন তথ্য সচিব
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ১:১৫ পিএম আপডেট: ০৯.০১.২০২৬ ৬:০৫ পিএম

.

.

গুজব ও অপতথ্য প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। একই সঙ্গে আসন্ন নির্বাচনে সঠিক তথ্য প্রচারে সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।

শুক্রবার (০৯ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের নিয়ে আয়োজিত নির্বাচন সাংবাদিকতা বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-এর সেমিনার কক্ষে শুরু হওয়া দুই দিনব্যাপী নির্বাচন বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণের উদ্বোধন করেন তথ্য সচিব।

গণভোট বিষয়ে সারাদেশের ভোটারদের সচেতন করতে গণমাধ্যমকর্মীদের সহায়তা চান তিনি। গণমাধ্যমকর্মীদের ‘সহযোদ্ধা’ হিসেবে অভিহিত করে মাহবুবা ফারজানা বলেন, “আপনাদের ক্ষুরধার লেখনী এখন অত্যন্ত জরুরি। গুজব ও অপতথ্য রোধে আমাদের সহায়তা করবেন। আজ শক্ত হাতগুলো আমাদের নরম হাতের সঙ্গে যুক্ত হোক। একসঙ্গে হাতে হাত ধরে চললে দেশ সুষ্ঠু পরিণতির দিকে এগিয়ে যাবে। সবাই মিলে গণভোট বিষয়ে ভোটারদের সচেতন করবো।”

তথ্য সচিব জানান, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর প্রায় ৪০ শতাংশ মানুষ এখনো গণভোট সম্পর্কে জানেন না। এ কারণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় মাল্টিমিডিয়া ব্যবহার করে ৬৪ জেলা ও ৪৯৫ উপজেলায় ‘ভোটালাপ’, উঠান বৈঠক এবং ১০ মিনিটের ব্রিফ পরিচালনা করছে। পাশাপাশি মোবাইল ফোনের মাধ্যমে ‘তথ্যআপা’ উদ্যোগে গণভোটের নিয়ম শেখানো হচ্ছে।

ভোটে তরুণ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও নারীদের অংশগ্রহণ বাড়াতে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। মাহবুবা ফারজানা জানান, ভোটে অংশগ্রহণ থেকে বিরত থাকা চরাঞ্চলের ১২ হাজার নারীকে ভোটে উদ্বুদ্ধ করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

পিআইবি পরিচালক কাজী মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে যুগ্মসচিব রিয়াসাতুল ওয়াসিফ, জ্যেষ্ঠ প্রশিক্ষক গোলাম মুর্শেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে ডিআরইউর প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল বলেন, ডিআরইউ সদস্যরা মাঠপর্যায়ে কাজ করেন। তাই নির্বাচন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট-চেকিং বিষয়ে তাদের আরও বেশি প্রশিক্ষণের প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, পিআইবি ও ডিআরইউ যৌথভাবে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।

কর্মশালায় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত ৫০ জন সাংবাদিক অংশ নিচ্ছেন। প্রথম দিনের প্রশিক্ষক ছিলেন নিউজ নেটওয়ার্কের মুখ্য প্রশিক্ষক জিয়াউর রহমান।



ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]