|
প্রথমবারের পোস্টাল ব্যালটের উচ্ছ্বাসে ভিডিও! তদন্তে ইসি
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() প্রথমবারের পোস্টাল ব্যালটের উচ্ছ্বাসে ভিডিও! তদন্তে ইসি বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসির সচিব। তিনি জানান, ত্রয়োদশ সংসদ ও গণভোটের জন্য নিবন্ধিত প্রায় সাড়ে সাত লাখ প্রবাসীর ঠিকানায় ব্যালট খাম পৌঁছেছে। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর তারা ভোট দিয়ে খাম ফেরত পাঠাবেন। সম্প্রতি বাহরাইনে ব্যালট খামের ভাগাভাগির একটি ভিডিও ভাইরাল হয়েছে। সচিব আখতার আহমেদ বিষয়টি ব্যাখ্যা করে বলেন, “বাহরাইন ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের সদস্য হওয়ায় বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে এখানে ব্যালট পাঠানো হয়। কিছু দেশে পোস্টাল সিস্টেম ভিন্ন। বাহরাইনের ক্ষেত্রে ১৬০টি ব্যালট এক বক্সে রাখা হয়েছে। প্রবাসীরা খোলা বক্স থেকে নিজ নিজ ব্যালট সংগ্রহ করেছেন। ভিডিওটি আনন্দে তৈরি হলেও কোনো ব্যালট খোলা হয়নি।” তিনি আরও বলেন, “ভিডিওটি করা উচিত হয়নি, তবে এটি প্রবাসী ভোটারদের আনন্দ ধরে রাখার জন্য করা হয়েছিল। বিষয়টি তৎক্ষণাৎ বাহরাইনের ডাক বিভাগকে জানানো হয়েছে এবং তারা তদন্ত করে জানিয়েছে, ঠিক পদ্ধতি অনুসরণ করা হয়েছে কি না তা দেখা হবে।” সচিবের মতে, “রাষ্ট্রদূত বিষয়টি দেখছেন। বাহরাইন পোস্ট সরেজমিন তদন্তের মাধ্যমে জানাবে, কোন ব্যতিক্রম হয়েছে কি না। এটি বর্তমান সর্বশেষ অবস্থান।” ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটে বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ ভাঁজের মধ্যে পড়ে যাওয়া প্রসঙ্গে সচিব বলেন, “ইট ইজ এ মিস, আমি (এখনই বিস্তারিত) বলতে পারব না। কারণ ছাপানোর দায়িত্বে যারা ছিলেন, তাদের কাছ থেকে না জেনে মন্তব্য করা সম্ভব নয়। তবে যতটুকু জানা আছে, সরকারিভাবে যে গেজেট পাবলিশ করা হয়েছে, সেই গেজেটের ধারাবাহিকতা বা অর্ডার অনুযায়ী ব্যালট সাজানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, উদ্দেশ্যমূলকভাবে ধানের শীষ প্রতীকটি ব্যালটের ঠিক মাঝখানে রাখা হয়েছে, যা ভাঁজ করলে সহজে নজরে আসে না। দলটির পক্ষ থেকে এখনো পাঠানো হয়নি এমন ব্যালটগুলো সংশোধন করার দাবি জানানো হয়েছে। এ প্রসঙ্গে ব্যালট পুনরায় ছাপা হবে কি না জানতে চাইলে সচিব বলেন, এটি নিয়ে এখনই মন্তব্য করা যাবে না। কমিশন সভায় আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বাহরাইনে প্রবাসীদের কাছে পাঠানো ১৬০টি পোস্টাল ব্যালট এক জায়গায় থাকা এবং ভিডিও ভাইরাল হওয়া প্রসঙ্গে সচিব বলেন, আমরা ডাক বিভাগের মাধ্যমে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে ব্যালট পাঠাচ্ছি। বাহরাইনে ১৬০টি ব্যালট একটি বক্সে পাঠানো হয়েছিল। অনেকটা ছাত্রাবাসের চিঠির বক্সের মতো, যেখান থেকে প্রবাসীরা তাদের ব্যালট সংগ্রহ করবেন। ব্যালট হাতে পেয়ে প্রবাসীরা আনন্দিত হয়ে ভিডিও করেছেন, তবে ভিডিওটি করা ঠিক হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ডেল্টা টাইমস্/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |