মানিক সাহার স্মরণসভায় রুহিন হোসেন প্রিন্স
সাংবাদিক হত্যা বিচারহীনতার সংস্কৃতিতে স্বাধীন সাংবাদিকতা হুমকিতে
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৪:২১ পিএম

সাংবাদিক হত্যা বিচারহীনতার সংস্কৃতিতে স্বাধীন সাংবাদিকতা হুমকিতে

সাংবাদিক হত্যা বিচারহীনতার সংস্কৃতিতে স্বাধীন সাংবাদিকতা হুমকিতে

প্রগতিশীল সাংবাদিকতার উত্থান ঠেকাতেই একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক মানিক সাহাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে মনে করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, মানিক সাহা ছিলেন খুলনার একজন প্রতিষ্ঠিত এবং দেশ-বিদেশে সুপরিচিত সাংবাদিক ও গণআন্দোলনের নেতা। ব্যক্তি ও গোষ্ঠীগত স্বার্থে তাকে বাঁচতে দেওয়া হয়নি। ওই বর্বর হত্যাকাণ্ডের সঙ্গে স্বাধীনতাবিরোধী ও সাম্প্রদায়িক অপশক্তি জড়িত ছিল।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত স্মরণসভায় এসব কথা বলেন তিনি। সাংবাদিক মানিক সাহার সুহৃদদের উদ্যোগে আয়োজিত এই স্মরণসভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক আশীষ কুমার দে। সভায় বক্তব্য দেন হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকান্দার হায়াৎ, সিনিয়র সাংবাদিক সি কে সরকার, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য রফিকুল ইসলাম সবুজ এবং ডিইউজের সাবেক সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন প্রমুখ।

সভায় রুহিন হোসেন প্রিন্স বলেন, মানিক সাহাকে হত্যার মাধ্যমে সাম্প্রদায়িক অপশক্তি সাধারণ মানুষের মুক্তির সংগ্রামকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল। শুধু খুলনাই নয়, সারাদেশে একের পর এক সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনায় স্বাধীন সাংবাদিকতা আজ হুমকির মুখে। অথচ এসব হত্যাকাণ্ড ও নির্যাতনের পরিকল্পনাকারী, পৃষ্ঠপোষক ও অর্থদাতারা এখনও ধরাছোঁয়ার বাইরে। তিনি আরও অভিযোগ করেন, স্বাধীন সাংবাদিকতার কথা বললেও অন্তর্বর্তী সরকার নিজেদের গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। গণমানুষের পক্ষে সাংবাদিকতাকে এগিয়ে নিতে এবং স্বাধীনতাবিরোধী শক্তিকে প্রতিহত করতে সর্বাত্মক প্রস্তুতির আহ্বান জানান তিনি।

সাংবাদিক মানিক সাহা হত্যাকাণ্ডের মামলার পুনঃতদন্ত ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে বক্তারা বলেন, সত্যের সৈনিক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে তার ওপর আঘাত আসতে পারে—এ কথা মানিক সাহা নিজেও জানতেন। কিন্তু তিনি কখনো মৃত্যুভয়ে ভীত হননি। যারা মানিক সাহার মতো সাংবাদিকদের হত্যা করে, তারা সত্যের শত্রু। বক্তারা আরও বলেন, দেশে সাংবাদিক হত্যার বিচার হবে না—এমন এক অলিখিত সংস্কৃতি গড়ে উঠেছে। মানিক সাহা ছাড়াও সাগর-রুনিসহ বহু সাংবাদিক হত্যাকাণ্ড ও নির্যাতনের বিচার আজও হয়নি। এখনো সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছেন, যা সুস্থ সাংবাদিকতার পথকে বাধাগ্রস্ত করছে। এ অবস্থায় সব সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জোরালো আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভার শুরুতে মানিক সাহার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

উল্লেখ্য, ২০০৪ সালের ১৫ জানুয়ারি দুপুরে খুলনা প্রেস ক্লাবের সামনে দুর্বৃত্তদের বোমা হামলায় সাংবাদিক মানিক সাহা নিহত হন।


ডেল্টা টাইমস্/সিআর/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]