গণভোটে অংশ নিন, দেশ গঠনে এগিয়ে আসুন: শারমীন এস মুরশিদ
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৮:২৬ পিএম

গণভোটে অংশ নিন, দেশ গঠনে এগিয়ে আসুন: শারমীন এস মুরশিদ

গণভোটে অংশ নিন, দেশ গঠনে এগিয়ে আসুন: শারমীন এস মুরশিদ

গণভোট ২০২৬ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ভবিষ্যতের চাবিকাঠি জনগণের হাতেই—এ কথা উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, গণভোট ছাড়া কাঙ্ক্ষিত সংস্কারের কোনো বিকল্প নেই।


মঙ্গলবার (২০ জানুয়ারি) ঝিনাইদহ জেলায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই যোদ্ধা, এনজিও কর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা ‘হ্যাঁ’ ভোটের প্রচার-প্রচারণা ঘিরে চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন।


তিনি বলেন, “রাতের অন্ধকারে ভোট বন্ধ করতে চাই, গুম-খুন বন্ধ করতে চাই, আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই—তাহলে আমাদের বিপুল অবকাঠামোগত পরিবর্তন করতে হবে। সেই লক্ষ্যেই জুলাইয়ের চেতনাকে ধারণ করে নতুন করে বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।”

উপদেষ্টা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট উপহার দিতে গণভোটের প্রচার-প্রচারণা তৃণমূল পর্যায়ে জোরদার করতে হবে। বিশেষ করে দেশের ৫২ শতাংশ নারী ভোটারের কাছে ‘হ্যাঁ’ ভোটের বার্তা সহজভাবে পৌঁছে দিতে হবে। এ লক্ষ্যে সরকারের পাশাপাশি সমাজের সকল স্টেকহোল্ডার, এনজিও ও ফাউন্ডেশন কর্মীদের নিজ নিজ আঞ্চলিক ভাষায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।

জনগণের অংশগ্রহণই মূল শক্তি উল্লেখ করে শারমীন এস মুরশিদ বলেন, নারী, শিশু, প্রতিবন্ধী ও সমাজের সকল স্তরের মানুষের নিরাপদ ও সম্মানজনক অংশগ্রহণ নিশ্চিত করা আমাদের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব।

তিনি বলেন, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করতে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ওপর অর্পিত দায়িত্বসমূহ যথাযথভাবে বাস্তবায়নে দুই মন্ত্রণালয় সক্রিয় ভূমিকা পালন করছে।


উপদেষ্টা বলেন, নির্বাচন ও গণভোট চলাকালে ঝুঁকিপূর্ণ ও বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর ভোটাধিকার নিশ্চিত করা, নারী ভোটারদের নিরাপদ অংশগ্রহণ, প্রতিবন্ধী, প্রবীণ ও সুবিধাবঞ্চিত নাগরিকদের সহায়তা প্রদানসহ সার্বিক সামাজিক নিরাপত্তা জোরদারে দুই মন্ত্রণালয়ের কার্যক্রম সমন্বিতভাবে পরিচালিত হচ্ছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় প্রতিবন্ধী ও প্রবীণ ভোটারদের জন্য বিশেষ সহায়তা ব্যবস্থা গ্রহণ, সামাজিক নিরাপত্তা বেষ্টনীভুক্ত জনগোষ্ঠীর সচেতনতা বৃদ্ধি এবং নির্বাচনকালীন সময়ে জরুরি সহায়তা প্রদানে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যদিকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে নারী ভোটারদের অংশগ্রহণ উৎসাহিত করা, ভোটকেন্দ্রে নারী ও শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করা, সম্ভাব্য সহিংসতা ও হয়রানি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা এবং মাঠপর্যায়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

তিনি আরও বলেন, সারাদেশে প্রায় ১ কোটি ৩০ লাখ সামাজিক নিরাপত্তা ভাতাভোগী মোবাইল গ্রাহককে ‘গণভোটে ভোট দিন, দেশ গঠনে অংশ নিন’—এই স্লোগান নিয়ে ডিজিটাল ও মোবাইল ক্যাম্পেইনের মাধ্যমে এসএমএস পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ১০০টি সেবা ও সহায়তা কেন্দ্র থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের গণভোট বিষয়ে সচেতনতামূলক ব্রিফ ও তথ্য সরবরাহ করা হচ্ছে। এ কার্যক্রমে ৭২ হাজার নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থা এবং ৪ হাজারের বেশি ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত এতিমখানাকে সরাসরি সম্পৃক্ত করা হয়েছে। এ জন্য একটি কেন্দ্রীয় মনিটরিং কমিটি এবং ১০টি বিভাগীয় মনিটরিং টিম গঠন করা হয়েছে।

উপদেষ্টা বলেন, দেশের অধিকাংশ মানুষ এখনো স্বাভাবিক জীবনে পুরোপুরি ফিরতে পারেনি। গুম, হত্যা ও নির্যাতনের শিকার পরিবারগুলো ভবিষ্যতের জন্য আমাদের ওপর বড় দায়িত্ব অর্পণ করেছে—যেন আর কোনো মায়ের বুক খালি না হয়। শুধু জুলাই-আগস্ট নয়, গত ১৬ বছরে বহু মানুষ প্রাণ হারিয়েছেন, অসংখ্য পরিবার চরম কষ্টের মধ্য দিয়ে গেছে। এই আত্মত্যাগের বিনিময়েই আজকের অবস্থান।

তিনি বলেন, বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে বারবার নির্বাচন ও আন্দোলন হয়েছে, ত্যাগ এসেছে; কিন্তু প্রতিশ্রুত রাষ্ট্র গড়ার পথে বারবার ব্যর্থতা দেখা গেছে। এখন এই তরুণ জনগোষ্ঠীর জন্য নিরাপদ বাংলাদেশ, নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ, শিশুদের নিরাপদভাবে বেড়ে ওঠা এবং ন্যায়ভিত্তিক ভবিষ্যৎ গড়ে তোলাই আমাদের প্রধান দায়িত্ব।

এর আগে বিকেলে তিনি চুয়াডাঙ্গা জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত আরেকটি মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন। সভায় চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]