প্রতীক নিতে এসে বিএনপি-জামায়াতের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ২:২৪ পিএম

প্রতীক নিতে এসে বিএনপি-জামায়াতের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ

প্রতীক নিতে এসে বিএনপি-জামায়াতের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ চলছে। এসময় ঢাকা-১৩ ও ১৫ আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ পেয়ে বিএনপি ও জামায়াত আচরণ বিধি লঙ্ঘন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছে।

বুধবার (২১ জানুয়ারি) আগারগাঁওস্থ নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঢাকা ১৩ ও ১৫ আসনের প্রার্থীদের বরাদ্দ হয়। বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টন ধানের শীষ ও জামায়াতের আমির শফিকুর রহমান দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ পেয়েছেন। 

প্রতীক পাওয়ার পর ঢাকা-১৫ আসনের বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ‘আচরণবিধি মেনেই এখানে এসেছি। দুঃখজনক হলো একটি বিশেষ দল আচরণবিধি মানেনি। আমরা পাঁচজন এসেছি, তারা (জামায়াতের প্রতিনিধি) দশজনের বেশি লোক এখানে নিয়ে এসেছে।’

ঢাকা-১৫ আসনে জামায়াতের নারী কর্মীরা বাসায় বাসায় গিয়ে ভোটারদের আইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগ করে তিনি বলেন, ‘নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে একটি দল নারীদের বাসায় বাসায় পাঠিয়ে দেয়। ভিডিওতে দেখা গেছে নারীকর্মীরা এনআইডি আর বিকাশ নাম্বার চাইছিল। এগুলো ব্যক্তিগত তথ্য। বাইরের কাউকে হস্তান্তরযোগ্য নয়। নারীকর্মীদের এসব জিজ্ঞেস করলে তারা ছুটোছুটি শুরু করেন। পরে তাদের নেতারা ২০, ২৫ জন নিয়ে এসে প্রশ্নকর্তাকে নাজেহাল করে।’

তিনি বলেন, ‘স্থানীয়রা জিজ্ঞেস করলে জামায়াতের কর্মীরা বিএনপির দুইজন কর্মীকে মারধর করে। আমি ব্যক্তিগতভাবে পুলিশ, সেনাবাহিনীতে ফোন দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অনুরোধ করি। ইসিকে অনুরোধ সবাই যেন নির্ভয়ে-নির্বিঘ্নে ভোট দিতে পারে।’

জামায়াতের আমিরের ডা. শফিকুর রহমানের পক্ষে পক্ষে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রতীক বরাদ্দ নেন সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরসহ একটি প্রতিনিধি দল।

প্রতীক বরাদ্দের পর এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘আশা করছি আগামী নির্বাচনে প্রার্থীরা সবাই অংশ নেবেন, গণভোট ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে বিজয়ী হবে। সুন্দর, নিরাপদ ও মানবিক বাংলাদেশের দিকে এগিয়ে যাবো। যদিও আমাদের ওপর সন্ত্রাসীরা হামলা করেছে। গতকালও করেছে। আশা করবো এমন ঘটনা যেন আর না ঘটে। সন্ত্রাসমুক্ত নির্বাচন আশা করি। যেহেতু গত তিনটি নির্বাচন হয়নি তাই ইসিকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।’

নারীদের দিয়ে আগাম প্রচারণার অভিযোগে অস্বীকার করে তিনি বলেন, ‘পুরোপুরি অসত্য তথ্য। তফসিল ঘোষণার পর সব প্রচারণা সামগ্রী আমরা অপসারণ করেছি, ইসির অপেক্ষা করিনি। অপপ্রচার চালিয়ে ১০ দলীয় ঐক্য বিনষ্টের চেষ্টা চালাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষপাতমূলক আচরণ হচ্ছে। ইসির দৃষ্টি আকর্ষণ করেছি।’

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘একটি বিশেষ দল (বিএনপি) থেকে আমাদের নারী ভোটারদের ওপর সন্ত্রাসী লেলিয়ে দেওয়া হয়েছে। আশা করছি দ্বিতীয়বার যেন এমনটা না ঘটে।’

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। যা চলবে ১০ জানুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।


ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]