নীরবে দাঁত নষ্ট করছে ৫টি দৈনন্দিন অভ্যাস
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১২:৪৭ পিএম

নীরবে দাঁত নষ্ট করছে ৫টি দৈনন্দিন অভ্যাস

নীরবে দাঁত নষ্ট করছে ৫টি দৈনন্দিন অভ্যাস

ঝকঝকে হাসি কে না চায়! কিন্তু সেই হাসির আড়ালেই লুকিয়ে থাকতে পারে বড় বিপদ। দাঁতে শিরশির, হালকা ব্যথা বা আগের মতো উজ্জ্বল না লাগা-এসবকে আমরা অনেক সময় গুরুত্ব দিই না। ভাবি, বয়স হচ্ছে তো, তাই এমনটা হচ্ছে। কিন্তু দাঁতের ডাক্তাররা বলছেন অন্য কথা।

সাম্প্রতিক তথ্য বলছে, ভারতেই প্রায় ২৭ শতাংশ ডেন্টাল রোগীর দাঁতে এনামেল ক্ষয়ের লক্ষণ রয়েছে। আর এই সংখ্যা দিন দিন বাড়ছে। চমকপ্রদ বিষয় হলো-এই ক্ষতির বড় অংশ হচ্ছে আমাদের নিজের হাতেই। অবহেলা নয়, বরং প্রতিদিনের কিছু অভ্যাস, যেগুলো আমরা ভালো মনে করেই করি, সেগুলোই ধীরে ধীরে দাঁতের সুরক্ষা স্তর নষ্ট করছে।
 
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া অনুসারে জেনে নেয়া যাক এমন পাঁচটি দৈনন্দিন অভ্যাস, যা ধীরে ধীরে আমাদের দাঁতের ক্ষতি ডেকে আনছে-
 
জোরে ব্রাশ করলেই দাঁত পরিষ্কার হওয়ার ধারণা

অনেকেই মনে করেন, যত জোরে ব্রাশ করা যাবে দাঁত তত ভালো পরিষ্কার হবে। বাস্তবে বিষয়টি ঠিক উল্টো। শক্ত ব্রাশ আর অতিরিক্ত চাপ দাঁতের এনামেল ধীরে ধীরে তুলে নেয়। বাইরে থেকে কিছু বোঝা না গেলেও ভেতরে ভেতরে দাঁত দুর্বল হয়ে পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে সংবেদনশীলতা।
 
অ্যাসিড আর চিনিযুক্ত আধুনিক খাদ্যাভ্যাস
সফট ড্রিংকস, এনার্জি ড্রিংক, লেবু বা কমলার রস, চা, কফি, মিষ্টি-এসব এখন আমাদের নিত্যদিনের সঙ্গী। প্রতিবার এগুলো খাওয়ার সময় দাঁত অ্যাসিডের সংস্পর্শে আসে। নিয়মিত ব্রাশ করলেও এই ক্ষতি পুরোপুরি ঠেকানো যায় না। তবে সহজ কিছু অভ্যাস, যেমন এসব খাবার বা পানীয়ের পর পানি দিয়ে কুলি করা কিংবা স্ট্র ব্যবহার করা, এনামেলকে কিছুটা রক্ষা করতে পারে।
 
শরীরে পানির ঘাটতি

লালা বা স্যালাইভা আমাদের মুখের প্রাকৃতিক রক্ষাকবচ। এটি অ্যাসিড কমায় এবং দাঁত মজবুত রাখে। কিন্তু পর্যাপ্ত পানি না খেলে লালার কাজ কমে যায়। সারাদিন কফি, চা বা অ্যালকোহল খেলে এই সমস্যা আরও বাড়ে। অথচ নিয়মিত পানি পান করাই দাঁত রক্ষার সবচেয়ে সহজ ও কার্যকর উপায়।
 
ঘরোয়া টোটকায় দাঁত সাদা

সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন নানা রকম ঘরোয়া টোটকা বেশ জনপ্রিয়। লেবুর রস, বেকিং সোডা, অ্যাক্টিভেটেড চারকোল দিয়ে দাঁত সাদা করার চেষ্টা করেন অনেকেই। সাময়িকভাবে দাঁত উজ্জ্বল দেখালেও এগুলো এনামেল দ্রুত ক্ষয় করে। ফলে পরে দাঁত আরও হলুদ আর সংবেদনশীল হয়ে পড়ে। নিরাপদ উপায় হলো দাঁতের ডাক্তারের পরামর্শে চিকিৎসা নেওয়া বা হালকা, ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করা।
 
সব টুথপেস্ট এক কাজের নয়

অনেকেই ভাবেন, যেকোনো ক্যাভিটি প্রটেকশন টুথপেস্টই যথেষ্ট। কিন্তু বেশিরভাগ সাধারণ টুথপেস্ট দাঁত পরিষ্কার করে, এনামেলকে শক্ত করে না। অ্যাসিডযুক্ত খাবারের কারণে এনামেল নরম হয়ে গেলে দাঁত সহজেই ক্ষতিগ্রস্ত হয়। তাই এনামেল সুরক্ষার জন্য বিশেষভাবে তৈরি টুথপেস্ট ব্যবহার করা জরুরি।
 
এনামেল ক্ষয় শুরু হয় নীরবে। হঠাৎ করে কোনো লক্ষণ দেখা যায় না। একটু বেশি জোরে ব্রাশ করা, বাড়তি এক কাপ কফি, বা ভুল টুথপেস্ট—এই ছোট ছোট অভ্যাসই ধীরে ধীরে দাঁত দুর্বল করে দেয়। মনে রাখতে হবে, একবার এনামেল নষ্ট হলে তা আর ফিরে আসে না।
 
তাই এখনই সচেতন হওয়া দরকার। নরম ব্রাশ ব্যবহার করুন, হালকা হাতে দাঁত মাজুন, অ্যাসিডযুক্ত খাবারের পর কুলি করুন, নিয়মিত পানি পান করুন এবং এনামেল সুরক্ষার টুথপেস্ট বেছে নিন।


ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]