|
হাসান মোল্লার হত্যা
ফখরুলের ভাষ্যে কেরানীগঞ্জে ‘সুপরিকল্পিত হত্যাকাণ্ড
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() ফখরুলের ভাষ্যে কেরানীগঞ্জে ‘সুপরিকল্পিত হত্যাকাণ্ড শনিবার (২৪ জানুয়ারি) এক বিবৃতিতে এসব অভিযোগ করেন মির্জা ফখরুল। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে দলের কার্যালয়ের সামনে গুলি করে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গতকাল শুক্রবার দিবাগত রাতে তাঁকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে আজ বিকেল ৪টার দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, জাতীয়তাবাদী শক্তির একজন বলিষ্ঠ সৈনিক হওয়ার কারণে হাসান মোল্লাকে টার্গেট করা হয়েছিল। দুস্কৃতিকারিরা কয়েকদিন আগে গুলি করে আহত করেন এবং আজ তাঁর মৃত্যু হয়। এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। মির্জা ফখরুল বলেন, “অবিলম্বে সন্ত্রাসীদের দমন করে রাষ্ট্র ও সমাজ থেকে ভয়ভীতি ও আতঙ্ক দূর করতে হবে। নইলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কি না, তা নিয়ে জনমনে শঙ্কা তৈরি হবে।” জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তকারীরা বসে নেই উল্লেখ করে তিনি বলেন, ধারাবাহিকভাবে তারা হিংস্র সহিংসতা চালিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়। কিন্তু সরকার তাদের উচ্ছেদ করতে ব্যর্থ হচ্ছে। ফলে একের পর এক গণতন্ত্রমনা রাজনৈতিক নেতা হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। তাই এই মুহূর্তে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দুর্বৃত্তদের রুখে দিতে হবে। বিবৃতিতে বিএনপির মহাসচিব হাসান মোল্লার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। একই সঙ্গে নিহতের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। ডেল্টা টাইমস/সিআর |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |