যারা বলে সাকিবকে চায় না, তারা বোকার রাজ্যে বাস করছে: সালাউদ্দিন
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৬ পিএম

যারা বলে সাকিবকে চায় না, তারা বোকার রাজ্যে বাস করছে: সালাউদ্দিন

যারা বলে সাকিবকে চায় না, তারা বোকার রাজ্যে বাস করছে: সালাউদ্দিন

বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানকে ঘিরে আলোচনা যেন থামছেই না। সাম্প্রতিক সময়ে জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠলেও, অভিজ্ঞ এই অলরাউন্ডারকে উপেক্ষা করার পক্ষে নন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

নিরাপত্তাজনিত কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। মেগা টুর্নামেন্টে অংশ না নিলেও ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতে অদম্য টি-টোয়েন্টি কাপ নামে একটি টুর্নামেন্ট রেখেছে বিসিবি। যেখানে ধূমকেতু একাদশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন।
 
টুর্নামেন্ট শুরুর আগে বুধবার (৪ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে বিশ্বকাপে বাংলাদেশের না থাকা প্রসঙ্গে কথা বলেছেন তিনি। এসময় উঠে আসে সাকিবের প্রসঙ্গও।
 
টাইগার অলরাউন্ডারের শৈশবের মেন্টর সালাউদ্দিন স্পষ্ট ভাষায় জানান, সাকিব ফিট থাকলে তাকে দলে না ভাবা একেবারেই বোকামি হবে।
 
গণমাধ্যমকে তিনি বলেন, ‘কেউ যদি বলে তারা সাকিবকে চায় না, সে একটা বোকার রাজ্যে বাস করছে। সে একজন ব্যাটার ও বোলার—দুই দিক থেকেই দলের ভারসাম্য এনে দেয়। ফিটনেস অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তাকে দলে চাই কি না—এই প্রশ্নটাই আসে না।’
 
সম্প্রতি বাংলাদেশ দলের সাকিবকে আবার অন্তর্ভুক্ত করার দাবি জোরালো হয়েছে। অভিজ্ঞ এ তারকাও লাল সবুজ জার্সিতে ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবের ভবিষ্যৎ নিয়ে কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার বিষয়।
 
এদিকে বিশ্বকাপে না যাওয়া প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, ‘বিশ্বকাপ খেলছি না। তবে তেমন মানুষ না যে একটা জিনিস মিস করছি বলে সেটার জন্য হা-হুতাশ করে মরে যাব। কালকে বাঁচব না মরব, সেটা জানি না। তবে ভবিষ্যৎ নিয়ে আসলে চিন্তা না করে আমার বর্তমান যে অবস্থা আছে, সেটাতে যেন সবচেয়ে ভালো করতে পারি ও খেলাটা উন্নতি করতে পারি, সেই চেষ্টাটা করছি।’
 
আইপিএলে চড়া দামে বিক্রি হওয়ার পরেও টুর্নামেন্ট থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকেই মূলত ঘটনার সূত্রপাত। ওই ঘটনার পরই বাংলাদেশ নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলতে আপত্তি জানায়। বোর্ড পাকিস্তানের মতো বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানায়। তবে আইসিসি বাংলাদেশের দাবি না মেনে বাংলাদেশকে বাদ দিয়ে শেষ মুহূর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে আনে।
 
এসব ঘটনায় মুস্তাফিজুর রহমানের ওপর কী প্রতিক্রিয়া, এমন প্রশ্নের উত্তরে সালাউদ্দিন বলেন, ‘প্রশ্নটা আমি নিজেই মোস্তাফিজকে জিজ্ঞেস করেছিলাম, ‘আসলে তুমি কী অনুভব করছো? সে বলেছিল, '‘যেটা চলে যাওয়ার তা চলে গেছে। তো আমার যেটা মনে হয় সবাই তো মোস্তাফিজের মতো হতে পারবে না। তবে এমনটা হলে সেই ছেলে, সেই ক্রিকেটারের জন্য ভালো হবে। কারণ, যে জিনিস আমি নিয়ন্ত্রণ করতে পারব না, সেটা নিয়ন্ত্রণ করতে যাব না।’


ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]