পাকিস্তান থেকে এবার ট্রেনের বগি ও ওয়াগন কিনতে চায় বাংলাদেশ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৩ পিএম

পাকিস্তান থেকে এবার ট্রেনের বগি ও ওয়াগন কিনতে চায় বাংলাদেশ

পাকিস্তান থেকে এবার ট্রেনের বগি ও ওয়াগন কিনতে চায় বাংলাদেশ

জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষ মনোযোগ দেয় অন্তর্বর্তী সরকার। এর পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন অনেকটাই উষ্ণ। এরই মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে বেশ কিছু চুক্তি ও সমঝোতা হয়েছে দুই দেশের মধ্যে। ক্রমবর্ধমান এই সম্পর্কের ধারাবাহিকতায় এবার পাকিস্তান থেকে ট্রেনের বগি ও মালবাহী ওয়াগন কেনার আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ। 

রোববার (৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদন অনুযায়ী, উচ্চপদস্থ এক কর্মকর্তার নেতৃত্বে বাংলাদেশের দুই সদস্যের একটি প্রতিনিধি দল ইসলামাবাদ এবং লাহোরের মুঘলপুরাতে অবস্থিত পাকিস্তান রেলওয়ের ক্যারিজ ফ্যাক্টরি ওয়ার্কশপ পরিদর্শন করেছেন। সেখানে তারা ট্রেনের বগি, ওয়াগনসহ অন্যান্য জিনিসপত্র তৈরির বিষয়টি স্বচক্ষে দেখেছেন।

পাকিস্তান রেলওয়ের লাহোরভিত্তিক কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশের আন্তর্জাতিক সংগঠন ও কনস্যুলার অ্যাফেয়ার্স সচিব এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন খান গত শুক্রবার মুঘলপুরা ওয়ার্কশপ পরিদর্শন করেন।

সেখানকার প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাসির খালিলি পুরো ওয়ার্কশপের কার্যক্রম, প্রযুক্তিগত সক্ষমতা এবং রেলওয়ের চলমান প্রজেক্ট নিয়ে বাংলাদেশের প্রতিনিধি দলকে অবহিত করেন। এছাড়া, ওয়ার্কশপের কাজকর্ম নিয়ে তৈরি একটি ছোট প্রামাণ্যচিত্র দেখানো হয় তাদেরকে।

পরবর্তীতে তাদেরকে মুঘলপুরার লোকোমোটিভ বা ইঞ্জিন ওয়ার্কশপে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদেরকে ইঞ্জিন রক্ষণাবেক্ষণ ও উৎপাদন সম্পর্কে অবহিত করা হয়।

বাংলাদেশের প্রতিনিধিরা বলেন, তাদের এ সফর বাংলাদেশ ও পাকিস্তানের শক্তিশালী সম্পর্ককে প্রকাশ করেছে।

উল্লেখ্য, পাকিস্তান রেলওয়ে এখন চারটি দেশে— শ্রীলঙ্কা, নেপাল, চিলি ও আর্জেন্টিনায় ব্রডগেজ লাইনের জন্য ওয়াগন ও বগি সরবরাহ করছে।

পাক রেলওয়ের কর্মকর্তা খালিলি জানিয়েছেন, শিগগিরই বাংলাদেশের রেলওয়ের বিশেষজ্ঞ দল পাকিস্তান সফর করবে। সেখানে তারা প্রযুক্তিগত বিস্তারিত তথ্য জানবেন।

ডনকে তিনি বলেছেন, বাংলাদেশ ওয়াগন ও বগি কেনা নিয়ে ভারতের সঙ্গেও আলোচনা করছে। কিন্তু, পাকিস্তানের প্রতি আগ্রহ দেখিয়েছে ঢাকা।

এদিকে পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি ইতোমধ্যে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রেলওয়ে টু রেলওয়ে সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছেন। তিনি বলেছেন, এতে উভয়ই লাভবান হবে।


ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]