
সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত সুবিধাভোগীদের সমন্বিতভাবে একই ছাতার আওতায় আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।
রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনের অনুপস্থিতিতে প্রতিমন্ত্রী ফারজানা শারমীন সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন।
কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে ফারজানা শারমীন বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত ভাতা সরবরাহ পর্যায়ে নানা অনিয়মের খবর পাওয়া যায়। অনেকের কাছে টাকা দাবি করা হয়। এটা অবশ্যই একটি দুর্নীতি। সরবরাহ কার্যক্রমের বিষয়টি যতটা সম্ভব স্বচ্ছতার মধ্যে নিয়ে আসার চেষ্টা থাকবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার ফ্যামিলি কার্ড নামে বড় একটি প্রকল্প গ্রহণ করেছে। ক্রমান্বয়ে একটি সমন্বিত পদ্ধতির মাধ্যমে সব সুবিধাভোগীকে একটি পরিবারের আওতায় নিয়ে আসার চেষ্টা করা হবে। বর্তমানে অত্যন্ত ভঙ্গুর অর্থনৈতিক অবস্থায় বিরাজ করছে। এর থেকে দেশকে যেমন উঠিয়ে দাঁড় করাতে হবে, তেমনি সুবিধাভোগীরা যেন উপকৃত হয়, সেটাও দেখতে হবে।
চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিগত সময় তালিকা তৈরিতে অনেক স্বজনপ্রীতি করা হয়েছিল। বর্তমান সরকার ভাতা পাওয়ার যোগ্য প্রকৃত সুবিধাভোগীদের তালিকাভুক্ত করার চেষ্টা করছে। বিদ্যমান তালিকা যাচাই করে এটা করা হবে, এ লক্ষ্যে কাজও শুরু হয়েছে।
ডেল্টা টাইমস্/আইইউ