প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৭:৪৬ পিএম (ভিজিট : ৫১)

ফাইল ছবি
হাইকোর্ট বিভাগে কর্মরত সব কর্মকর্তা ও কর্মচারীর ব্যক্তিগত, শিক্ষাগত ও চাকরিসংক্রান্ত তথ্য নিয়ে ডিজিটাল ডাটাবেজ তৈরির উদ্যোগ নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। মানবসম্পদ ব্যবস্থাপনাকে আধুনিকায়ন ও প্রশাসনিক কাজে গতিশীলতা আনতেই এই ‘পারসোনাল ডাটা শিট’ (পিডিএস) প্রস্তুত করা হচ্ছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বর্তমানে হাইকোর্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন তথ্য ম্যানুয়াল পদ্ধতিতে বিভিন্ন ফাইল ও শাখায় সংরক্ষিত আছে। এসব তথ্যের অনেকটাই অসম্পূর্ণ অথবা হালনাগাদ করা নেই। এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের পারিবারিক তথ্য অফিসে সংরক্ষিত না থাকায় প্রয়োজনীয় তথ্য দ্রুত অনুসন্ধান ও যাচাই করতে অনেক সময় সময়সাপেক্ষ হয়ে পড়ে।
এতে মানবসম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন, পদায়ন, পদোন্নতি, প্রশিক্ষণ, কর্মচারীদের কল্যাণমূলক সেবা এবং প্রাতিষ্ঠানিক সেবা দেওয়ার ক্ষেত্রে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ বিলম্বিত হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ফলে প্রশাসনিক কাজে নানাবিধ জটিলতার সৃষ্টি হচ্ছে।
এই সমস্যার সমাধানে কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত, শিক্ষাগত, পারিবারিক ও চাকরিসংক্রান্ত সব তথ্য একটি সমন্বিত ডিজিটাল ডাটাবেজে সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এ লক্ষ্যে অনলাইনে একটি পারসোনাল ডাটা শিট প্রস্তুত করা হলে প্রয়োজনীয় তথ্য দ্রুত ও সহজে পাওয়া যাবে। এর মাধ্যমে মানবসম্পদ ব্যবস্থাপনা আধুনিক ও তথ্যপ্রযুক্তিনির্ভর হবে এবং প্রশাসনিক কার্যক্রম আরও সহজ ও গতিশীল হবে।
ইতিমধ্যে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে হাইকোর্ট বিভাগের কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৭ এপ্রিলের মধ্যে নির্ধারিত ফরমে স্বাক্ষর ও ছবিসহ তাদের ব্যক্তিগত, শিক্ষাগত, পারিবারিক ও চাকরিসংক্রান্ত তথ্য জমা দিতে বলা হয়েছে।
ডেল্টা টাইমস্/আইইউ