
সংগৃহীত ছবি
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, সংবিধান অনুযায়ী বাংলাদেশবিরোধী স্লোগান দেওয়া অপরাধ হলেও স্বাধীনতার পক্ষে স্লোগান দেওয়া কোনো অপরাধ নয়। অথচ এই স্লোগান দেওয়ার কারণেই বর্তমানে গ্রেপ্তার, আটক, হামলা, মামলা ও মব-সহিংসতার ঘটনা ঘটছে। এ ক্ষেত্রে সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে, যা একটি স্বাধীন দেশে গ্রহণযোগ্য নয়।
শনিবার (২৮ মার্চ) সকালে তোপখানা রোডের বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘বাংলাদেশবিরোধীরা ক্ষমতায় আসতে চায়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব মনির জামান ও ওয়াজেদ রানা, এবং সদস্য হাশেম মোল্লা প্রমুখ।
মোমিন মেহেদী আরও বলেন, ‘জুলাইয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছে ছাত্র নামধারী কিছু সংগঠনের নেতাকর্মী। তারা পরবর্তীতে নিজেদের পরিচয় পরিবর্তন করে বিভিন্ন সংগঠনের ব্যানারে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল গঠন ও নিবন্ধন নিয়েছে। একই সঙ্গে স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের রাজনৈতিক দল জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়েছে।’
তিনি অভিযোগ করেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে এসব দল সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পেয়েছে। এমনকি সংসদে গিয়ে তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে অপ্রাসঙ্গিক বলেও মন্তব্য করছে।
এ অবস্থায় স্বাধীনতাবিরোধী দলগুলোর নিবন্ধন বাতিল এবং একাত্তর ও সাম্প্রতিক সময়ে সাধারণ মানুষের জীবনের সঙ্গে ছিনিমিনি খেলার অভিযোগে সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এ সময় তিনি জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোটের নিবন্ধন বাতিলের দাবি পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি অভিযোগ করেন, ক্ষমতায় আসার লক্ষ্যে কিছু গোষ্ঠী দেশের স্থিতিশীলতা নষ্ট করতে সহিংস কর্মকাণ্ডে জড়িয়েছে।
সভায় নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের পক্ষে স্লোগান দেওয়ার কারণে আটক ব্যক্তিদের অবিলম্বে মুক্তির দাবি জানান এবং স্বাধীনতাবিরোধী বক্তব্য প্রদানকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
ডেল্টা টাইমস্/আইইউ