ইরাকে মার্কিন বিমান হামলায় নিহত অন্তত ১৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৫:০৭ পিএম (ভিজিট : ২২)
 ফাইল ছবি ইরাকের আনবার প্রদেশে সশস্ত্র গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) একটি ঘাঁটি লক্ষ্য করে চালানো মার্কিন বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পিএমএফের আনবার অঞ্চলের অপারেশনস কমান্ডারও রয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। খবর রয়টার্সের।
প্রতিবেদন মতে, পিএমএফ আজ মঙ্গলবার (২৪ মার্চ) তাদের আনবার কমান্ডার সাদ আল-বাইজি এবং আরও ১৪ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। এ হামলার জন্য তারা যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, যখন সদস্যরা দায়িত্ব পালন করছিলেন, তখন তাদের একটি কমান্ড সদর দপ্তরকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বিমান হামলা চালানো হয়। পিএমএফ মূলত শিয়া আধাসামরিক উপদলগুলোর একটি সম্মিলিত জোট। এটি আনুষ্ঠানিকভাবে ইরাকের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর অন্তর্ভুক্ত। এর মধ্যে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট কিছু গোষ্ঠীও রয়েছে। গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে আসছে। এদিকে ইরান যুদ্ধ আজ মঙ্গলবার ২৫তম দিনে গড়িয়েছে। ইরানজুড়ে ব্যাপক বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এসব হামলায় হতাহতের খবরও পাওয়া গেছে। ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ) জানিয়েছে, পূর্ব আজারবাইজান প্রদেশের একটি আবাসিক এলাকায় মার্কিন-ইসরাইলি হামলায় অন্তত ছয়জন নিহত ও নয়জন আহত হয়েছেন। আইএসএনএ প্রাদেশিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলেছে, হামলাটি ইরানের উত্তর-পশ্চিমে আর্মেনিয়া, আজারবাইজান ও তুরস্কের সীমান্তবর্তী শহীদ মোফাত্তেহ-তে সংঘটিত হয়েছে। এদিকে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের উর্মিয়া শহরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোরে ‘যুক্তরাষ্ট্র-জায়নাবাদী’ যুদ্ধবিমান উর্মিয়া শহরের আবাসিক এলাকায় হামলা চালায়। তাসনিম নিউজের প্রতিবেদনে ধ্বংসস্তূপ এবং ধ্বংস হয়ে যাওয়া ঘর-বাড়ির অভ্যন্তরীণ দৃশ্যের কিছু ভিডিও প্রকাশ করা হয়েছে। এদিকে ট্রাম্পের ‘আলোচনার’র দাবির পর ইসরাইলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, ইসরাইলের তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন। সংবাদপত্রটির প্রতিবেদনে বলা হয়, আজ মঙ্গলবার ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই শহরের বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি সেবা সংস্থাগুলো বলেছে, ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, এমন একটি স্থানে চারজন আহত হয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, হামলায় মধ্য তেল আবিবে একটি ভবন ও এর সংলগ্ন রাস্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে বেশ কিছু গাড়িতে আগুন ধরে যায়। এছাড়া রশ হেইন এলাকায় ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হারেৎজ জানিয়েছে, উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। ইসরাইলি হোম ফ্রন্ট কমান্ড জানায়, এ হামলার আগে আজই ইসরাইল লক্ষ্য করে তিন দফায় ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। দেশটির উত্তরাঞ্চলেও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে।
ডেল্টা টাইমস্/আইইউ
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
|