
“ভাই ভাই, ঐক্য ছাড়া মুক্তি নাই” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর তোপখানা রোডে সমিতির নিজস্ব কার্যালয়ে শনিবার এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ বজলুর রহমান বাবলু, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান। নবনির্বাচিত সদস্যদের ফুল দিয়ে বরণ করেন অন্যান্য নেতা-কর্মীরা।
নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ বজলুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক হিসেবে মোঃ শাহজাহান, এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে সেলিম বেপারী।
সভায় বক্তৃতা কালে বজলুর রহমান বাবলু বলেন, “দেশের ক্ষুদ্র মৎস্যজীবীদের প্রাণের সংগঠন হিসেবে ‘বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি’র সভাপতি নির্বাচিত হয়ে আমি গর্বিত। আমাকে যে আস্থা ও বিশ্বাস দেখানো হয়েছে, তা রক্ষা করতে চেষ্টা করব, ইনশাআল্লাহ।”
তিনি আরও উল্লেখ করেন, নবনির্বাচিত কমিটি অতীতের ন্যায় সারাদেশের ক্ষুদ্র মৎস্যজীবীদের স্বার্থ রক্ষা, মৎস্য সম্পদের সুষম ব্যবহার নিশ্চিতকরণ এবং সরকারি-বেসরকারি সহায়তা আদায়ে কাজ করে যাবে।
বজলুর রহমান বাবলু আশা প্রকাশ করেন, দীর্ঘ দিনের আওয়ামী শাসনের পরে ক্ষমতায় আসা বিএনপি নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকার ক্ষুদ্র মৎস্যজীবীদের জীবন ও জীবিকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
ডেল্টা টাইমস্/আইইউ