রাঙামাটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক প্রকৌশলী এবং এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। দুটি ঘটনায়ই যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।
রাঙামাটির রাজস্থলী উপজেলার রাইখালী–বাঙ্গালহালিয়া সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক উক্যসিং মারমা (৩৪) নিহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ) রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে বাঙ্গালহালিয়া ইউনিয়নের সেলমারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত উক্যসিং মারমা পেশায় প্রকৌশলী ছিলেন। তিনি কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানাধীন রাইখালী মতি পাড়া গ্রামের সাচিংমং মারমার ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বাঙ্গালহালিয়া থেকে রাইখালী অভিমুখে যাওয়ার সময় চট্ট মেট্টো-হ ২২-৭৫৮৩ নম্বরের একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল চালক উক্যসিং মারমা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নেয়ার চেষ্টা করলেও আঘাতের মাত্রা বেশি হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকের আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের অতিরিক্ত গতি ও চালকের অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
এদিকে, রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কাপ্তাই পুলিশ ফাঁড়ির এএসআই মো. মাহাবুর হাসান মারা গেছেন। বুধবার (২৫ মার্চ) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে রাঙামাটি জেলা পুলিশে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ কাপ্তাই পুলিশ ফাঁড়িতে কর্মরত থাকা অবস্থায় দায়িত্ব পালনকালে তিনি রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের মানিকছড়ি সেনা ক্যাম্প গেট সংলগ্ন এলাকায় সিএনজি অটোরিকশাযোগে যাতায়াত করছিলেন। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, যেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করা হয়।
ডেল্টা টাইমস্/আইইউ