এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচকে সামনে রেখে সিঙ্গাপুরে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শুক্রবার (২৭ মার্চ) সকালে ভিয়েতনামের হ্যানয় থেকে সিঙ্গাপুরে এসে পৌঁছান জামাল ভূঁইয়া-হামজারা।
এর আগে ঢাকায় নিজেদের প্রথম হোম ম্যাচেই সিঙ্গাপুরের বিপক্ষে ১-২ গোলের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। ফলে শেষ ম্যাচটি অনেকটাই নিয়মরক্ষার হলেও, র্যাংকিংয়ের দিক থেকে ম্যাচটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে লাল-সবুজদের জন্য।
৩১ মার্চ অনুষ্ঠিতব্য এই ম্যাচ দিয়েই শেষ হবে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই মিশন। ইতোমধ্যে সিঙ্গাপুর মূল পর্ব নিশ্চিত করায় তাদের জন্য ম্যাচটি তেমন চাপের নয়। তবে শক্তিশালী প্রতিপক্ষকে হারাতে পারলে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াবে ৮-এ, যা ফিফা র্যাংকিংয়ে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
একই দিনে গ্রুপের অন্য ম্যাচে ভারত যদি হংকংকে হারায়, তাহলে বাংলাদেশ ও হংকং উভয়েরই পয়েন্ট হবে সমান ৮।
সে ক্ষেত্রে গ্রুপের অবস্থান নির্ধারণে হিসাব-নিকাশ আরো জমে উঠবে। সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে ভিয়েতনামের বিপক্ষে গতকাল একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। র্যাংকিংয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনাম প্রথমার্ধেই তিন গোল করে এগিয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হজম করেনি বাংলাদেশ।
প্রস্তুতি ম্যাচ শেষে রাতেই সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেয় দল। সেখানে তিন দিন অনুশীলনের পর মাঠে নামবেন জামাল ভূঁইয়া ও তার সতীর্থরা।
ডেল্টা টাইমস্/আইইউ