এমবাপের নৈপুণ্যে দশজন নিয়েও ব্রাজিলকে হারালো ফ্রান্স
স্পোর্টস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৯:৩৭ এএম (ভিজিট : ৩৪)
 যুক্তরাষ্ট্রের বোস্টনে উপকূলবর্তী ফক্সবোরোতে লড়াই, কিন্তু পরিণত হয়েছিল ব্রাজিলের ঘরের মাঠ। গ্যালারিতে হাজির ৬৬,২১৫ জন দর্শকের বড় অংশই ছিলেন ভিনিসিয়ুস-রাফিনিয়াদের সমর্থক। তবে ভক্তদের স্তব্ধ হতে হয়েছে মাঠে সেলেসাওদের ম্লান পারফরম্যান্সে এবং এমবাপে-একতিকেদের নৈপুণ্যে। দুই দফা পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েও পারল না ব্রাজিল। ২-১ গোলে হারল ১০ জনের ফ্রান্সের কাছে।
গতকাল (বৃহস্পতিবার) দিবাগত রাতে অনুষ্ঠিত ম্যাচটিতে পজেশনে কিছুটা এগিয়ে ছিল ফ্রান্স। তবে গোলের জন্য শট ও সুযোগ বেশি তৈরি করেছিল কার্লো আনচেলত্তির দল। কিন্তু ব্যবধান গড়ে দিলো গোল। ফ্রান্সের পক্ষে অধিনায়ক কিলিয়ান এমবাপে চোটের বিতর্ক ছাপিয়ে গোল করেছেন। আরেক গোল আসে লিভাপুল ফরোয়ার্ড হুগো একিতিকের কাছ থেকে। বিপরীতে ব্রাজিল ব্যবধান কমিয়েছে ডিফেন্ডার ব্রেমারের গোলে।
ম্যাচের শুরুতেই সুযোগ তৈরি করেছিল ব্রাজিল। তবে বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়া সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না। ক্যাসেমিরোর উঁচু করে বাড়ানো বল নিয়ে বক্সে ঢুকে শট নিয়েছেন গোলবারের বেশ ওপর দিয়ে। মিনিট তিনেক বাদে একিতিকেও লক্ষ্যভ্রষ্ট হেড দিয়েছেন। ফরাসিদের বিপক্ষে প্রথমার্ধে সেভাবে কার্যকর আক্রমণ শাণাতে পারছিল না ব্রাজিল। সেই ধারার বিপরীতে ২৭ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ডি-বক্সের বাইরে থেকে জোরালো শট নেন। সেটি দূরের পোস্ট ঘেঁষে চলে যায়। ৩২ মিনিটে লিড পায় ফ্রান্স। উসমান দেম্বেলের রক্ষণচেরা নিখুঁত পাস পেয়ে বক্সে ঢুকে আগুয়ান ব্রাজিল গোলরক্ষক এডারসনের ওপর দিয়ে চিপ শটে গোল করেন এমবাপে।
আন্তর্জাতিক ফুটবলের ফ্রান্সের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এমবাপে চূড়ায় উঠতে আর দুটি গোল বাকি। তার গোলসংখ্যা ৫৬, এক গোল বেশি (৫৭) নিয়ে সামনে সামনে আছেন অলিভিয়ের জিরু। প্রথমার্ধে ছয়টি শট নিলেও ব্রাজিল একটি লক্ষ্যে রাখতে পারেনি। বিপরীতে ৫ শটের একটি লক্ষ্যে ছিল ফরাসিদের। প্রথমার্ধে নিষ্প্রভ ভাব ছেড়ে বিরতির পর একের পর আক্রমণ সাজায় সেলেসাওরা। তবে ফিনিশিংয়ের দুর্বলতা তাদের গোল পাওয়া হচ্ছিল না। ফলে দ্বিতীয়ার্ধের শুরুতে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও সাফল্য ধরা দিচ্ছিল না তাদের।
খেলায় এগিয়ে থাকা ফ্রান্স বড় ধাক্কা খায় ৫৫ মিনিটে দায়োত উপামেকানো লাল কার্ড দেখায়। ব্রাজিল ডিফেন্ডার ওয়েসলিকে কড়া ফাউল করায় তাকে প্রথমে হলুদ কার্ড দেখানো হয়, পরে ভিএআর মনিটর দেখে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। একজন কম নিয়ে আক্রমণ সামলানোর মাঝেই ৬৫ মিনিটে লিড দ্বিগুণ করে ফেলে দিদিয়ের দেশমের দল। একিতিকে মাইকেল ওলিসের চমৎকার থ্রু বল ধরে দারুণ ফিনিশিং দিয়েছেন। যা জাতীয় দলে তার দ্বিতীয় গোল।
ব্রাজিল ব্যবধান কমায় ৭৮ মিনিটে ব্রেমারের গোলে। ফ্রি-কিক থেকে পাওয়া বল ক্যাসেমিরো কাটব্যাক করলে এই ডিফেন্ডার পা বাড়িয়ে জাল খুঁজে নেন। জাতীয় দলে প্রথম গোল করলেন জুভেন্তাস ফুটবলার। বাকি সময়েও ফ্রান্সের রক্ষণে প্রবল চাপ তৈরি করলেও ব্রাজিল সমতা ফেরাতে পারেনি ব্রাজিল। শেষদিকে ব্রেমারের বাড়ানো বল গোলমুখে পেয়ে পা ছোঁয়াতে না পারায় ভিনিসিয়ুসরা হারের হতাশা নিয়ে মাঠ ছাড়েন।
ডেল্টা টাইমস/সিআর/এমই
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
|